এবারের বিশ্বকাপে পুরোপুরি বদলে গেছে মারকাটারি টি-টোয়েন্টি ক্রিকেটের চিত্র। চলতি টুর্নামেন্টে একেকটি রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। সহায়ক উইকেটে রীতিমতো উড়ছেন প্রায় সব দেশের বোলাররা। বিদায়ের পর পিচের এমন চরিত্র সম্পর্কে কেন উইলিয়ামন তাই বলেছেন, এখানে ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখা কঠিন।
ত্রিনিদাদে সোমবার পাপুয়া নিউ গিনিকে হারানোর পর সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেন উইলিয়ামসন।
তিনি বলেছেন, 'সহজাত কারণেই এখানে কম রান হয়। এসব উইকেটে ব্যাটিংয়ে ছন্দ বলতে আসলে কিছু থাকে না। এখানে মূলত লড়াই করার মতো স্কোর গড়ার উপায় খুঁজে নিতে হয় এবং অন্যান্য তুলনামূলক ভালো উইকেটের চেয়ে ভিন্ন এখানে। তবে এটিই মূলত চ্যালেঞ্জ। যা দুই দলের জন্যই থাকে। এটি পুরোপুরি ভিন্ন ধরনের ক্রিকেট। তবে এত সংক্ষিপ্ত টুর্নামেন্টে যত দ্রুত সম্ভব এর সঙ্গে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জিং।'
তিনি যোগ করেন, 'আমি বলতে চাচ্ছি, আমরা জানতাম যে চ্যালেঞ্জিং কন্ডিশনের মোকাবিলা করতে হবে। আমার মতে, উইকেটের বন্ধুর আচরণ আসলে প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা কঠিন। তবে একইসঙ্গে যেটা বললাম, এখানে নিখুঁত করার চেয়ে, কার্যকর উপায় বের করার চেষ্টা করতে হবে। যেটা আমরা করতে পারিনি। প্রথম দুই ম্যাচে করতে পারলে ভালো হতো।'
ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হলেও ক্যারিবিয়ানে সব ম্যাচ খেলা নিউ জিল্যান্ড অধিনায়ক বললেন, এখানে খেলা সবসময়ের মতোই উপভোগ করেছেন তারা, 'বাস্তবতা হলো, এসব উইকেটে ৯০ বা ১০০ রানও জেতার মতো হতে পারে। তাই টি-টোয়েন্টি ব্যাটিং এখানে একটি নির্দিষ্টভাবে দেখতে হবে। কখনও কখনও ম্যাচ আপ পেয়ে গেয়ে হয়তো গড়পড়তার চেয়ে বেশি রান করতে পারবেন। এর বাইরে এটি অনর্যকম, অনন্য এক অভিজ্ঞতা ছেলেদের জন্য। ক্যারিবিয়ানে আসতে আমরা সবসময় ভালোবাসি। এটি দারুণ জায়গা। বিশ্বের সব ব্যাটসম্যানের জন্যই কন্ডিশন চ্যালেঞ্জিং। তাই এখানে পথ খুঁজে নেওয়াই মূল।'