রাজধানীর বাড্ডায় বাসচাপায় বাইসাইকেল আরোহী শিপু দাস (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার (১৮ জুন) বেলা ৩টার দিকে মধ্য বাড্ডায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার মামা রিপন দাস জানান, তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার শেখপুরা গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডায় পরিবারের সাথে থাকতো। তার বাবার নাম সুশান্ত দাস। বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল শিপু।
তিনি আরও জানান, বাসা থেকে বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল শিপু। সাথে তার এক বন্ধু আলাদা সাইকেলে ছিল। মধ্য বাড্ডায় এক রিকশার সাথে ধাক্কা লেগে রাস্তায় পরে যায় শিপু। এসময় একটি বাস তার উপর উঠে যায়। পরে পুলিশের সহায়তায় শিপুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।