ইরান

মধ্যরাতে হাসপাতালে আগুন, ৯ রোগীর মৃত্যু

ইরানের উত্তরাঞ্চলীয় রাশত শহরের ঘায়েম হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ। গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এ তথ্য জানিয়েছে।

রাশতের গিলান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের প্রেসিডেন্ট মোহাম্মদ তাঘি আসোবি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আগুনে নয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ছিল। খবর এএফপি ও এপির।

ছবি: রয়টার্স

রাশতের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান শাহরাম মোমেনি বলেছেন, হাসপাতালের বেজমেন্টে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। জরুরি কর্মীরা ধোঁয়ার কারণে আটকা পড়া ১৪০ জনেরও বেশি ব্যক্তি, রোগী ও হাসপাতালের কর্মচারীদের উদ্ধার করেছে। উদ্ধারদের মধ্যে ১২০ জনকে হাসপাতালে অন্যান্য চিকিৎসা সুবিধায় ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিভিন্ন খবরে বলা হয়েছে, ২৫০ শয্যার ঘায়েম হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় ১৪২ জন ছিলেন। হাসপাতালটিতে কীভাবে আগুন লেগেছে তা জানতে তদন্ত দল গঠন করা হয়েছে। 

ইরানের মিডিয়া মাঝে মাঝে হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে অগ্নিকাণ্ডের খবর দেয়। বেশিরভাগ ক্ষেত্রে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রযুক্তিগত সমস্যাকে দায়ী করা হয়।

গত বছরের নভেম্বরে দেশটির গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে ৩২ জনের মৃত্যু হয়। আর ২০২০ সালে তেহরানের উত্তরাঞ্চলে একটি ক্লিনিকে গ্যাস ক্যানিস্টার লিক হয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ১৯ জন।