গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ১৯৯ মিলিমিটার। এ ছাড়া হবিগঞ্জে ১৮৮, তেঁতুলিয়ায় ১৫৬, ব্রাহ্মণবাড়িয়া ও রাজারহাটে ১৫৪, শ্রীমঙ্গলে ১৩৬, রংপুরে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের চারটি বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকি চারটির অনেক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ বুধবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
এদিকে তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।