সফরে গিয়ে কিমকে যা উপহার দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

রাষ্ট্রীয় সফরে গেলেও মিত্র দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের জন্য উপহার নিতে ভুলেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। কিমকে বিলাসবহুল গাড়ি, ছুরি ও চায়ের কাপের সেট উপহার দিয়েছেন পুতিন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, রুশ প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ইউরি উশাকভের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পুতিন কিমকে একটি রাশিয়ান বিলাসবহুল অরাস গাড়ি, একটি অ্যাডমিরালের ছুরি এবং একটি চায়ের কাপের সেট উপহার দিয়েছেন।

উশাকভ উপহারের এই সংমিশ্রণের তাৎপর্য সম্পর্কে বিস্তারিত বলেননি। শুধু জানিয়েছেন যে, এই উপহার রাশিয়ান প্রেসিডেন্টের ইমেজের সাথে সম্পর্কিত।

এর আগেও কিমকে একটি রাশিয়ান অরাস গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কিমকে একটি অরাস লিমুজিন গাড়ি উপহার দেন রুশ প্রেসিডেন্ট।

যদিও এবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমকে অরাস গাড়ির কোন মডেল উপহার দিয়েছেন পুতিন, তা এখনও জানা যায়নি।

এদিকে রুশ গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, রাশিয়া এবং উত্তর কোরিয়া তাদের দেশে "আগ্রাসন" হলে "পারস্পরিক সহায়তা" প্রদান করবে এমন লক্ষ্যে একটি চুক্তি সই করেছে।

চুক্তি সইয়ের পর কিম রাশিয়াকে "সবচেয়ে সৎ বন্ধু এবং মিত্র" বলে অভিহিত করেছেন এবং পুতিনকে "কোরিয়ান জনগণের সবচেয়ে প্রিয় বন্ধু" উল্লেখ করেন।