নিজের বডিগার্ডের হাতেই হেনস্তার শিকার অভিনেত্রী!

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এর পর ‘বালিকা বধূ’ ধারাবাহিক দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পান অভিকা গোর। এখন নায়িকা হিসেবে সিনেমা, ধারাবাহিক আর ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন তিনি। কিন্তু এত খ্যাতির মধ্যেও লুকিয়ে থাকে কিছু যন্ত্রণা। নিজের নিরাপত্তারক্ষীর হাতেই হেনস্তার শিকার হতে হয়েছিল ২৬ বছর বয়সী এই অভিনেত্রীকে। সেই কথাই জানালেন এক আলাপচারিতায়।

ভারতের পাশাপাশি বিদেশেও তার জনপ্রিয়তা রয়েছে। কাজের জন্যই কাজাখস্তান গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই ঘটে এই ঘটনা। আলাপচারিতার মাঝে অভিনেত্রী জানান, কাজাখস্তান সফরে তাকে সারাক্ষণ নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকতেন। এদের মধ্যে একজন তাকে পিছন থেকে অশালীনভাবে ছুঁতে থাকে।

প্রথমবারে হকচকিয়ে গিয়েছিলেন অভিকা। ভেবেছিলেন, হয়তো কোনও ফ্যানের কাজ। কিন্তু পিছন ফিরে তিনি শুধু একজন নিরাপত্তারক্ষীকেই দেখতে পান। এই ঘটনা আবার ঘটে। প্রবল বিরক্ত হয়ে আবার পিছনে তাকান অভিনেত্রী। এবার নিজের হাত পিছনে দিকে রেখে দেন। হতাশার সুরে অভিকা বলেন, আমি এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। ওরা তো না ইংরাজি বোঝে, না হিন্দি। তাই বিষয়টা এভাবেই সামলাতে হল।


হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন অভিকা। কিছুদিন আগে ‘ক্যারিবিয়ান দৈত্য’ আন্দ্রে রাসেলের মিউজিক ভিডিও ‘লড়কি তু কামাল কি’তে দেখা যায় অভিনেত্রীকে।