ইতিহাসবিদ পি টি নায়ার মারা গেছেন

‘কলকাতার নগ্ন পায়ের ইতিহাসবিদ’ পরমেশ্বরন থানকাপ্পন নায়ার ওরফে পি টি নায়ার মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভারতের কেরালায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

কেরালার চন্দমঙ্গলমে জন্ম হলেও জীবনের দীর্ঘ সময় কলকাতায় কাটিয়েছেন পি টি নায়ার। তার কলমে উঠে এসেছে কলকাতার ইতিহাস। যদিও পরিবারের ডাকে সাড়া দিয়ে ২০১৮ সালে তিনি কেরালায় ফিরে যান।

প্রায় ছয় দশক আগে কেরালার একটি ছোট্ট গ্রাম থেকে কাজের সন্ধানে কলকাতায় পা রেখেছিলেন। প্রথম দর্শনেই শহরের প্রেমে পড়েন এই গবেষক। তারপর আর ফিরে যাওয়া হয়নি। দীর্ঘদিন কলকাতা নিয়ে ক্রমাগত গবেষণা করেছেন। ইংরেজি ভাষায় তার কলমে ফুটে উঠেছে শহরের আত্মকথা।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, এলএলবি পাশ করে ১২৫ টাকা বেতনে টাইপিস্টের কাজ শুরু করেন পি টি নায়ার। এরপর গভীর মনোযোগে লক্ষ্য করলেন কলকাতার বুকে ব্রিটিশ স্বাক্ষর, আদালতের ইতিহাস, শহরের সরাইখানা থেকে হোটেল, সিটি অফ জয়তে বসবাসকারী দক্ষিণ ভারতীয়দের জীবন-যাপন। সেসব কথা ধরে রাখলেন একের পর এক বইয়ে, লেখায়। কলকাতা এবং এর ইতিহাস সম্পর্কে প্রায় ৬০টি বই লিখেছেন পি টি নায়ার।

তার বিপুল বইয়ের সংগ্রহও অবাক করার মতো। শোনা যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে তার বিপুল বই কিনে নেওয়ার প্রস্তাব এসেছিল। যদিও তিনি সেসব বই কলকাতা টাউন হল সোসাইটিতে দান করার সিদ্ধান্ত নেন। তার লেখা A Tercentenary History of Calcutta: A History of Calcutta’s Streets ইতিহাসের দলিল হিসেবে বিবেচনা করা হয়।