গাইবান্ধায় সড়কে ঝড়ল বৃদ্ধার প্রাণ

গাইবান্ধা সদর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় রহিমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গাড়িটি জব্দ করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম একই উপজেলার শাহাপাড়া ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, পলাশবাড়ীর দিক থেকে গাইবান্ধার দিকে একটি প্রাইভেট কারগাড়ি যাচ্ছিল। এ সময় তুলশীঘাট এলাকায় সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় ওই বৃদ্ধা নারীকে গাড়িটি ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গাড়ির চালক শহিদুল ইসলাম ও গাটি আটক করা হয়েছে। গাড়িতে চালক ছাড়া অন্য কাউকে পাওয়া যায়নি।

ওসি আরও জানান, গাড়িটির মালিক টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী এক নির্বাহী কর্মকর্তা বলে জানান আটক ওই চালক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।