একটা সময় টেলিভিশনের পর্দা খুললেই দেখা যেত তানজিন তিশার নাটক। পাশাপাশি ইউটিউবেও একাধিক নাটকে হাজির হতেন অভিনেত্রী। ঈদ কিংবা বিশেষ উৎসবগুলোতে সে সবের সংখ্যাও থাকত অনেক বেশি। তবে গেল এক দুই বছর ধরে নাটকে অভিনয় কমিয়েছেন তিনি। ওটিটিতে ব্যস্ততা বাড়াচ্ছেন। আর তাই খুব বেছে হাতে গোনা কিছু নাটকে দেখা যায় তাকে।
এবার ঈদেও অল্প সংখ্যক নাটকেই হাজির হচ্ছেন তিনি। এরমধ্যে কিছু নাটক প্রচারে এসেছে এবং বাকিগুলো প্রচারের অপেক্ষায়। এরমধ্যে ঈদ উৎসবেই মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ‘পয়জন’। এটি মুক্তির পর দারুণ সাড়া পাচ্ছেন বলেও জানালেন তিনি।
অভিনেত্রীর ভাষ্যে, এখন পর্যন্ত খুব খুব ভালো সাড়া পাচ্ছি। কাজটি সবাই বেশ পছন্দ করেছেন। যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও কয়েকগুণ বেশি সাড়া পাচ্ছি। সত্যি আই অ্যাম ব্লেসড। এখনো দর্শকরা কাজটি দেখে নিজেদের ভালো লাগা জানাচ্ছেন।
কাজটি করতে গিয়ে প্রচুর স্টাডি করতে হয়েছে তানজিন তিশাকে। দেখেছেন প্রচুর সিনেমা, সিরিজ এমনকি আশপাশের তারকাদের থেকেও কিছুটা ধারণা নিয়েছেন। বললেন, ‘চরিত্রটার মধ্যে দুইটা লেয়ার ছিল। একটা চরিত্রে থেকে সেটার মধ্যে আবার নেগেটিভ চরিত্রে উপস্থাপন করা বেশ কঠিন। আমাকে বেশ স্টাডি করতে হয়েছে এর জন্য। অনেক হলিউড-বলিউড সিনেমা, সিরিজ দেখেছি। তারপর সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে কাজটি করেছি। উপভোগ করেছি। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন এতেই আমি আনন্দিত।’
তিনি আরও বললেন, এবার খুব বেশি নাটকে কাজ করা হয়নি। বেছে বেছে কয়েকটা কাজ করেছি চার থেকে পাঁচটির মতো। কিছু রিলিজ হয়েছে। দর্শকরা প্রশংসা করছেন। সবকিছু মিলিয়ে বেশ আনন্দিত।
তবে এই আনন্দের মধ্যেও খানিক বিষণ্ণতা রয়েছে অভিনেত্রীর। বাবাকে হারিয়েছেন দুই বছর হলো। বাবা ছাড়া ঈদ তার কাছে বিষণ্ণ লাগে। তবুও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে ঈদ পালন করেছেন।
তানজিন তিশা বললেন, ‘আব্বুকে ছাড়া ঈদ কেন সব আনন্দই অসম্পূর্ণ লাগে আমার কাছে। ছোটবেলায় প্রতি ঈদে আব্বু সব সময় আমাকে সারপ্রাইজড করতেন। এটা সেটা বিভিন্ন কিছু গিফট করতেন, কিনে দিতেন। ওই মুহূর্তটাই বারবার মনে পড়ে এখন। খুব মিস করি আব্বুকে। আব্বু তো নেই, তারপরও সেই কষ্ট ভুলে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঈদ পালন করতে হয় এখন। প্রতি ঈদে গ্রামের বাড়ি (শরীয়তপুর) যাওয়া হয়। কিন্তু এবার যাওয়া হয়নি। ঢাকাতেই ঈদ করা হয়েছে। এরমধ্যে সময় করে বাড়িতে যাব।’
শিগগিরই আবার কাজে ফিরবেন তিশা। এরমধ্যে জানাতে পারেন সিনেমার খবরও।