একুশে পদক পাওয়া কবি অসীম সাহা মারা গেছেন। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক মালেক মাহমুদ। কবি অসীম সাহা পারকিনসন, কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানও কবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বুধবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য অসীম সাহার মরদেহ বাংলা একাডেমি চত্বরে নেওয়া হয়।
অসীম সাহার শেষকৃত্য সম্পর্কে তার ছোট ছেলে অর্ঘ্য সাহা জানান, তার বাবা মরদেহ দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন।
১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন অসীম সাহা। তার পৈতৃক নিবাস মাদারীপুর। তার বাবা অখিল বন্ধু সাহা ছিলেন অধ্যাপক।
অসীম সাহা ১৯৬৫ সালে মাধ্যমিক পাস করেন এবং ১৯৬৭ সালে মাদারীপুর নাজিমুদ্দিন মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৯ সালে স্নাতক পাস করে তিনি ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। তিনি ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন অসীম সাহা। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া তিনি আলাওল সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।