বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছাবিনিময় করেছেন দলের শীর্ষ স্থানীয় নেতারা। ঈদের দিন গত সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যান তারা। রাত ৮টার দিকে খালেদা জিয়ার বাসায় যান এই নেতারা। প্রায় ঘণ্টাখানেক পর তারা বেরিয়ে আসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘দলের মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ গ্রামের বাড়িতে ঈদ করায় আসতে পারেননি। আমরা যারা এসেছি, তারা ঈদের শুভেচ্ছাবিনিময় করেছি চেয়ারপারসনের সঙ্গে। আমাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। দেশের মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারপারসন।’
শুভেচ্ছাবিনিময়কালে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ছিলেন।
স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পরে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লা বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সুজা উদ্দিন, আবদুল কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।