তেজগাঁওয়ে আধুনিক ট্রাকস্ট্যান্ড শিগগিরই : আতিক

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ করতে একটি আধুনিক ট্রাকস্ট্যান্ড নির্মাণের কথা আবারও জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘বিটিসিএল এবং গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ১৫ বিঘা জমি উত্তর সিটিকে দেওয়া হয়েছে। আমরা দ্রুতই সেখানে একটি আধুনিক ট্রাকস্ট্যান্ড নির্মাণ করব। তেজগাঁওয়ে রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে।’

গতকাল বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ‘ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাতরাস্তা থেকে রেলক্রসিং হয়ে কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁও রেলস্টেশনের সংযোগকারী এ সড়কটি দীর্ঘদিন ট্রাকস্ট্যান্ড হিসেবে বেদখল হয়েছিল। প্রয়াত মেয়র আনিসুল হক সড়কটি দখলমুক্ত করেন। সে সময় ট্রাকশ্রমিকরা সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘাতেও জড়িয়েছিলেন। পরে ধীরে ধীরে পুরনো চেহারাতেই ফিরতে থাকে সড়কটি। আতিকুল ইসলাম মেয়র হওয়ার পর কয়েক দফা চেষ্টা করেও সেখানে শৃঙ্খলা আনতে পারেননি।

সে প্রসঙ্গ ধরে তিনি বলেন, ‘তেজগাঁও এলাকায় বিপুলসংখ্যক ট্রাক রাস্তা দখল করে রাখে। আমি এলে চলে যায়, আমি চলে গেলে আবার আসে। অনেকটা টম অ্যান্ড জেরির মতো। এ সমস্যা সমাধানের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিমধ্যে জমি পেয়েছি।’

মেয়র আতিক বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় আমরা শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাসহ সুন্দর গণপরিসর করে দিচ্ছি। সেখানে তথ্য ও সংবাদ চিত্রের উন্মুক্ত প্রদর্শনীর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। ছবি ও তথ্য সেই সঠিক ইতিহাসের কথা বলবে।’