নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণসংযোগ ও প্রচারণা শেষ করে ফেরার পথে মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা জগ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। পরে রাত সাড়ে ৭টার দিকে কাঞ্চন বাগানবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ করেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক।
রফিকের সমর্থক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৬ জুন কাঞ্চন পৌরসভার ভোট। এ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক ও মোবাইল প্রতীকে দেওয়ান আবুল বাশার বাদশা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেয়র প্রার্থী রফিক তার সমর্থকদের নিয়ে করাটিয়া, বুরুটিয়া, রানীপুরাসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালান। বিকেল ৫টার দিকে প্রচারণা ও গণসংযোগ শেষে ফেরার পথে কলাতলী এলাকায় দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক আইয়ুব ভূঁইয়ার নেতৃত্বে ৫০ থেকে ১০০ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় মেয়র প্রার্থী রফিক, রাজু, হেকিম, সানাউল্লাহ, মফিজুল ইসলাম, সিয়াম, কাউসার, নাছিম, দেলোয়ার হোসেন, হেলাল, আনিছুর, সজিবসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে তিন দফায় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, পোস্টার ছিঁড়ে ফেলাসহ তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থকরা। এ ছাড়া রফিকের পক্ষে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করায় বাদশার সমর্থকরা প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে এ হামলার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনের দিন বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে স্থানীয়রা।
এ ব্যাপারে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। অন্য মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, যারা আহত হয়েছে তারা আমার লোক।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, এ ঘটনায় আইয়ুব ভূঁইয়াকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। যদি তার সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।