বিষাক্ত মদ খেয়ে ২৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮ জন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মদ পানে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬৮ জন হাসপাতালে ভর্তি আছেন।

তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কাল্লাকুরিচি জেলায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গত কয়েকদিনে বিষাক্ত মদ পানে এ হতাহতের ঘটনা ঘটেছে। এদের মধ্যে অনেকেই করুণাপুরম এলাকার বাসিন্দা। ইতিমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

বিষাক্ত মদ খাওয়ার কারণে এই মৃত্যু হয়েছে নিশ্চিত করে একজন সিনিয়র পুলিশ অফিসার এনডিটিভিকে বলেন, "তারা ঠিক কী খেয়েছিল তা আমরা তদন্ত করছি। আমরা তিনজনকে হেফাজতে নিয়েছি। চারজনের মধ্যে অন্তত তিনজনই সরবরাহ করা মদ খেয়েছিলেন।

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে যে, ২৬ জনের পান করা দেশি মদের বোতল থেকে নমুনা নিয়ে ফরেসিক করা হয়েছে। এতে মদে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে।  

এ ঘটনায় রাজ্য সরকার জেলা পুলিশ প্রধান সময় সিং মীনাকে বরখাস্ত করে তার স্থানে রজত চতুর্বেদীকে নিয়োগ করেছে। এমএস প্রশান্তের স্থলাভিষিক্ত হয়েছেন কালেক্টর শ্রাবণ কুমার জাটাবথ। এছাড়া নিষেধাজ্ঞা প্রয়োগকারী শাখার একজন উপ-পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা, তিন পরিদর্শক এবং অনেক উপ-পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া রাজ্য সরকার বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনার তদন্ত সিবি-সিআইডিকে হস্তান্তর করেছে।

দেশটির মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এমনকি যারা এটি প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণ যদি এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনাকে দেশটির গোয়েন্দা সংস্থা এবং নিষেধাজ্ঞা প্রয়োগকারী সংস্থার একটি বড় ব্যর্থতা হিসাবে দেখা হচ্ছে। গত বছরও তামিলনাড়ুতে বিষাক্ত মদের নামে মিথানল খেয়ে ২২ জনের মৃত্যু হয়েছিল।