ঈদের ছুটিতে কেন এত লাশ!

ঈদের ছুটিতে গণমাধ্যম বিশেষ করে ছাপা পত্রিকা পুরোপুরি বন্ধ থাকে, তবে অনলাইন ও ডিজিটাল ভার্সন চালু থাকে। টেলিভিশন চ্যানেলগুলোও স্বল্প জনবল দিয়ে তাদের কার্যক্রম চালায়। ধরে নেওয়া হয় ঈদের ছুটিতে তেমন কোনো অপরাধ সংঘটিত হবে না। কেননা ঈদের এই সময়টাতে মানুষ পরিবার ও প্রিয় মানুষদের সঙ্গে থাকে। সরকারি ছুটিতে সবকিছু বন্ধ থাকায় বছরের এই সময়টাতে জীবনের ভিন্নরূপ দেখা যায়। ফলে গণমাধ্যমের ও এক ধরনের প্রস্তুতি থাকে মানুষকে আনন্দের সংবাদ পরিবেশনের।

উৎসবের ঈদ খবর দেওয়ার প্রস্তুতি থাকলেও ঈদের এই ৫ দিনের ছুটিতে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে বিভিন্ন অপরাধের খবর। দেশের বিভিন্ন স্থানে ঈদের ছুটিতে খুনোখুনির ঘটনা ঘটেছে, টাকা লুট, সুইসাইডসহ নানা অপরাধের ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঈদের ছুটিতে দেশে দেশের ১১ জেলায় অন্তত ১৬ জন খুন হয়েছে, একাধিক আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এর সঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৫০ জনের বেশি মানুষ।

এই প্রতিবেদন যখন লিখছি তখন একটি গণমাধ্যমে দেখা যায় রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে শফিকুর রহমান (৬০) এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসার গ্যারেজ থেকে শফিকুরের লাশ এবং শোয়ার ঘর থেকে ফরিদার লাশ উদ্ধার করা হয়। নিহতরা পুলিশের বিশেষ শাখার এক উপ পরিদর্শকের বাবা-মা।

অভিযোগ রয়েছে, ঈদের ছুটিতে পুলিশের মধ্যে এক ধরনের নির্লিপ্ততা কাজ করে। এই সময়ে তারা বড় অপরাধ যাতে সংঘটিত না হতে পারে সে বিষয়ে যতটা সচেতন থাকে ছোট ছোট ক্রাইমের বিষয়ে উদাসীন থাকে। আর এই সুযোগ টাই নিয়ে থাকে অপরাধীরা।

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, যেহেতু আমরা মুসলমান প্রধান দেশ ফলে ঈদের ছুটিতে আমাদের অনেক পুলিশ সদস্য ছুটিতে চলে যান। যে কারণে অপরাধীরা এই সময়টাকে চুজ করে। তছাড়া জনগণের যাতায়াত যখন কমে যায় তখন অপরাধ কিছুটা বেড়ে যায়। আমাদের দেশে বেশীরভাগ মানুষই ভাসমান অর্থাৎ তারা ছুটিতে কর্মস্থলের এলাকা ছেড়ে চলে যায় এই ফাঁকে যখন শহর কেন্দ্রিক এলাকাগুলোতে মানুষের সংখ্যা কমে যায় ফলে অপরাধ সংগঠিত করা সহজ হয়ে যায়। ফলে চুরি, ছিনতাইয়ের ঘটনা বাড়ে, যেখান থেকে অনেক সময় হত্যার ঘটনাও হয়।

তিনি বলেন, আবার গ্রামে সম্পত্তি নিয়ে সবসময় ঝামেলা লেগেই থাকে। বছরের অন্য সময় ব্যস্ত থাকার কারণে ঈদে যখন সবাই একত্রিত হয় তখন এই ঝামেলা গুলো সামনে আসে। যেহেতু খুব বেশি ছুটি লম্বা থাকে না ফলে এই সময়ের মধ্যে মীমাংসা করতে গিয়ে তারা বেশি উত্তেজিত হয়ে যায়। এতে করেও হামলা সংঘর্ষ মারামারি বেড়ে যায়।

কক্সবাজারের রামুতে মঙ্গলবার রাতে এক দম্পতিকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন নূর মোহাম্মদ (২৮) ও তার স্ত্রী রুবি আক্তার। জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে একদল সন্ত্রাসী তাঁদের বাড়িতে ঢোকে জবাই করে এই দম্পতিকে হত্যা করে।

নরসিংদীর মানুষ যখন কোরবানির শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছিলেন তখন সদর উপজেলায় ঘটে যায় পাশবিক নির্যাতনের ঘটনা। ঈদের আগের দিন অর্থাৎ শনিবার রাতে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে পৃথক স্থানে নুরুল ইসলাম (৫২) এবং বাচ্চু মিয়াকে হত্যার ঘটনা ঘটে (৫৫)।

ঈদের ছুটিতেও কেন এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এমন এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবিএম নাজমুস সাকিব দেশ রূপান্তরকে বলেন, আমাদের দেশে ঈদসহ যেকোনো উৎসবের ছুটিতে প্রপারটি ক্রাইম বেড়ে যায়। এই সময়ে বাসায় চুরি, ডাকাতির ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায় বাসায় চুরি বা ডাকাতি করতে গিয়ে হত্যার ঘটনা ঘটে। আবার দেখবেন ঈদসহ যেকোনো লম্বা ছুটিতে মানুষ গ্রামে ফিরে যায় ফলে সেখানে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ঘটে। বছরের অন্য সময় তো কর্মব্যস্ত থাকায় এসব বিষয় নিয়ে কথা বলার সময় তারা পায় না। একই বিষয় পারিবারিক গণ্ডি ছাড়িয়ে গোষ্ঠীগত বা গ্রাম্য সংঘর্ষ বা মারামারির ঘটনা ঘটে। এসব বিষয় থেকেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, কেবল আমাদের দেশে নয় ইউরোপীয় দেশগুলোতেও সামারের ছুটিতে অপরাধের মাত্রা অনেক বেড়ে যায়। আমাদের শিশুদের সামাজিকীকরণ যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে না। আমরা সমাজ বা রাষ্ট্র থেকে তাদের যে ম্যাসেজ দিতে চাই তা ঠিকমতো শিশুরা পাচ্ছে না, ফলে শিশুদের অপরাধও বেড়েই চলছে। এ বিষয়েও সতর্ক হতে হবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও মনোচিকিৎসক ডা. হেলাল উদ্দিনের পর্যবেক্ষণে উৎসব কেন্দ্রীক ছুটিতে অপরাধ বেড়ে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। তিনি দেশ রূপান্তরকে বলেন, উৎসব কেন্দ্রিক ছুটিতে অর্গানাইজ ক্রাইম বেড়ে যায় অর্থাৎ মানুষ এই সময় কর্মস্থল ছেড়ে হয় গ্রামে চলে যায় অথবা তার বাসায় অবস্থান করে। ফলে অপরাধীরা আগে থেকে টার্গেট ঠিক করে প্রস্তুতি নিয়ে রাখে। এতে তাদের পক্ষে যেকোনো ক্রাইম এমনকি কাউকে হত্যা করাও সহজ হয়ে যায়।