ভারতে মদ পানে মৃত্যু বেড়ে ৩৮

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে আরও অন্তত ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে কাল্লাকুরিচি জেলা প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। মৃত ও অসুস্থদের বেশিরভাগই জেলার করুণাপুরম এলাকার বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এ ঘটনায় সন্দেহভাজন এক অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং আরও দুইজনকে আটক করেছে পুলিশ। বিষাক্ত মদ পানের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, তারা ঠিক কী পান করেছিল তা আমরা তদন্ত করে দেখছি। আমরা তিনজনকে হেফাজতে নিয়েছি। যারা মারা গেছেন তাদের অধিকাংশই ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে মদ কিনেছিলেন, কোনো সরকার পরিচালিত মদের দোকান থেকে কেনেননি।

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ জন প্যাকেট থেকে ‘আরক’ পান করেছিলেন আর ফরেনসিক তদন্তে তাতে বিষাক্ত মিথানলের উপস্থিতি নিশ্চিত হয়েছে। মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। অসুস্থদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রাজ্য সরকার এ ঘটনার পর জেলা পুলিশ প্রধানকে বরখাস্ত করে তার জায়গায় নতুন আরেকজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। জেলা কালেক্টরকেও বদলি করা হয়েছে। এর পাশাপাশি প্রহিবিশন এনফোর্সমেন্ট উইংয়ের ডেপুটি সুপার, তিনজন পরিদর্শক ও একাধিক সহ-পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।