নান্দাইলে ভিজিএফ চাল পায়নি ১৫১ কার্ডধারী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদে (ইউপি) ঈদুল আজহা উপলক্ষে ১৫১ জন কার্ডধারীকে ভিজিএফ চাল না দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নূর খান শাহরিয়ার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের বিষয়টি জানান। এ সময় সেখানে দলীয় নেতা-কর্মীসহ চাল না পাওয়া ভিজিএফ কার্ডধারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, গত ১৫ জুন ইউপি ভবনের অস্থায়ী কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় ৩২৬ জন কার্ডধারী সেখানে হাজির হন। তাদের মধ্যে ৬, ৭ এবং ৮ নং ওয়ার্ডের ১৫১ জন কার্ডধারীকে চাল না দিয়ে দুর্ব্যবহার করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নূর খান শাহরিয়ার জানান, কার্ডধারীরা চাল না পাওয়ায় তাদের দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অনেকেই তার নামে বদনাম ছড়াচ্ছেন। এ সময় সেখানে উপস্থিত চাল বঞ্চিত আশরাফ মিয়া, শাহিন মিয়া জানান, তাদের বাড়ি থেকে চাল বিতরণের স্থান অনেক দূরে। যাতায়াত বাবদ প্রতি জনের ৮০ টাকা করে খরচ হয়েছে। এরপরেও তারা চাল আনতে পারেননি।

বীর কামটখালী গ্রামের অন্ধ কার্ডধারী খোকন মিয়া জানান, তিনি প্রতিবারই চাল পান। কিন্তু এবারের ঈদে খালি হাতে ফিরে এসেছেন। একই কথা বলেন চৈতনখালী গ্রামের বিধবা খোরশেদা, বীর কামটখালী গ্রামের দুলাল মিয়া। তারা জানান, চাল তো পাননি। উল্টো চেয়ারম্যানের লোকজন ঘাড় ধাক্কা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বীর বেতাগৈর ইউপি চেয়ারম্যান আবদুল মতিন সরকার বলেন, ওইদিন যারা এসেছেন তাদের সবাইকে চাল দেওয়া হয়েছে। তবে কয়েকটি ওয়ার্ডের লোকজন চাল নিতে আসেননি। পরে কর্তৃপক্ষ ও দলের উপজেলা পর্যায়ের নেতাদের সাথে কথা বলে তালিকা তৈরি করে সেই চাল বিতরণ করা হয়েছে।