সৎবাবার অশালীন আচরণ ও স্কুলের খরচ নিয়ে প্রতিনিয়তই হেনস্তার শিকার হয় রাফি (১৪) ও রাফাত (১২)। মেঘনা শিল্প নগরী উচ্চ বিদ্যালয়ে রাফি সপ্তম শ্রেণি এবং রাফাত ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৫ মে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় তারা। পরে মেঘনা শিল্প নগরী এলাকা থেকে চলে আসে চট্টগ্রামে তাদের বাবা আবদুস সালামের বাড়িতে।
এদিকে তাদের নিখোঁজের বিষয়ে থানাকে জানায় তাদের মা আঁখি আক্তার। কিন্তু পুলিশের কাছে তিনি তাদের প্রকৃত বাবার পরিচয় গোপন করেন। পরে নিখোঁজের ৪৫ দিন পর সোনারগাঁ থানা পুলিশ চট্টগ্রাম জেলার ভূজপুর এলাকার আবদুস সালামের বাড়ি থেকে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন জানান, গোপন সূত্রের ভিত্তিতে ওই সহোদরের প্রকৃত বাবা আবদুস সালামের বাড়ির সন্ধান পায় সোনারগাঁ থানা পুলিশ। পরে চট্টগ্রামের ভূজপুর থানাধীন বুহাপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই ভাইকে তাদের যথাযথ অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে আদালতে পাঠানো হয়। আদালত বড় ছেলে রাফিকে তার বাবার কাছে এবং ছোট ছেলে রাফাতকে তার মায়ের হেফাজতে দেয়।
নারায়ণগঞ্জ জেলা ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল শেখ জানান, ওই সহোদরের সৎবাবা অর্থাৎ তাদের মায়ের দ্বিতীয় স্বামীর অশালীন আচরণ ও স্কুলের খরচাদি নিয়ে প্রতিনিয়তই তারা হেনস্তার শিকার হতো। এ কারণে তারা অনেকটা বিরক্ত হয়েই ঘর থেকে পালিয়ে চট্টগ্রামে তাদের বাবা আবদুস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকেই তাদের উদ্ধার করা হয়েছে। তবে তাদের মা পুলিশের কাছে সন্তানের প্রকৃত বাবার বিষয়টি গোপন করেছিলেন।