মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় কাউন্সিলরকে শোকজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার ইস্তাফিজুল ইসলাম আকন্দ স্বাক্ষরিত নোটিসে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ের ২৪ ঘণ্টার মধ্যে আইয়ুবকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে আবুল বাশার বাদশার সমর্থক ৮ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খান তার লোকজন নিয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার লোকজনের ওপর হামলা চালিয়ে রফিকসহ ২০ জনকে আহত করেন। এ ঘটনায় আইয়ুবকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল দুপুরে এ হামলার ঘটনায় রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ করেন।

নোটিসে বলা হয়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খান তার লোকজন নিয়ে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের ওপর হামলা এবং ব্যাপক ক্ষতিসাধন করেন। আপনার আচরণ এবং আপনার সমর্থকরা গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ দ্বারা শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করে, যা আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন অফিসে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো।

এ ব্যাপারে অভিযুক্ত আইয়ুব খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা বলব বলে ফোনটি কেটে দেন।