আর্জেন্টিনার জয় দিয়ে শুরু কোপা আমেরিকা

যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ২–০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুভসূচনা করলেও একাধিক গোল মিস করেছে। তাদের জয় দিয়েই পর্দা উঠেছে টুর্নামেন্টটির।

১৯৮৭ কোপা আমেরিকার প্রথম ম্যাচটি ছিল আর্জেন্টিনা–পেরু। সেবারের আসরে প্রথম গোলটি ছিল ডিয়েগো ম্যারাডোনার। তারপর কোপার সব আসরেই আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে ২০১১ কোপায় সেই সুযোগ পেলেও টুর্নামেন্টের প্রথম গোলটি করেছিল বলিভিয়া। ম্যারাডোনার সেই গোলের ৩৭ বছর পর এবার কোপা আমেরিকায় প্রথম গোলের দেখা পেল আর্জেন্টিনা। 

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা। দুই দলই গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়। 

দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসির দারুণ এক পাস পান আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক–অ্যালিস্টার। কানাডা গোলকিপার ম্যাক্সিম ক্রেপিয়াও তাকে বাঁধা দিতে আসার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে পাস দেন ম্যাক–অ্যালিস্টার। ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ।

আর্জেন্টিনার দুটি গোলেই অবদান মেসির। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে তার সরাসরি পাস থেকে। মেসির থ্রু পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। তবে দ্বিতীয়ার্ধে দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্ট করেছেন মেসি।