ঢামেক থেকে আটক সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে আটক হওয়া রিপা আক্তার (২০) নামের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল থেকে অ্যাপ্রন পরিহিত ভুয়া ওই নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় হাসপাতালের পুরাতন ভবনের গাইনি বিভাগের ২১২ নম্বর লেবার ওয়ার্ডে সাদা অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে হাসপাতালে ঘোরাঘুরি করছিলেন তিনি। পরে আনসার সদস্যরা তাকে আটক করে।

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন।