স্বামীকে দেখতে গিয়ে গাড়িচাপায় স্ত্রীর মৃত্যু

কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর সঙ্গে দেখা করতে আসার পথে রানু বেগম (৫০) নামে এক নারী মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বাসস্ট্যান্ডের রাস্তা পারাপার হতে গিয়ে অজ্ঞাত গাড়িচাপায় নিহত হন তিনি।

নিহত রানু বেগম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বেড়াখোলা গ্রামের আবু তাহেরের স্ত্রী। আবু তাহের শারীরিক প্রতিবন্ধী এবং কাজের সুবাদে ফতুল্লায় একাই ভাড়া বাসায় বাস করেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সঞ্জয় বলেন, রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জগামী অজ্ঞাত একটি গাড়ি রানু বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রানু বেগম ঘটনাস্থলেই মারা যায়। তার গ্রামের বাড়ি কুমিল্লা থেকে ফতুল্লার দাপা এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বামী আবু তাহের বলেন, আমার স্ত্রী কুমিল্লায় আমার পৈতৃক বাড়িতে থাকে। আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ফতুল্লায় জীবিকানির্বাহের জন্য একাই বাস করি। আজকে তার ফতুল্লায় আসার কথা ছিল। দুপুরে পুলিশ ফোন দিয়ে জানায় আমার স্ত্রী রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে এব্যাপারে আইনি ব্যবস্থা নেবো।