পবিত্র ওমরাহর ই-ভিসা চালু করল সৌদি আরব

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে সৌদি আরব। চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এরপরই ওমরাহর ই-ভিসা দেওয়া শুরু করল দেশটি। এর ফলে ওমরাহর জন্য মুসল্লিরা এখনই আবেদন করতে পারবেন এবং ১৯ জুলাই থেকে দেশটিতে যেতে পারবেন। বৃহস্পতিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত ‍দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা। ফলে ওমরাহ পালনের জন্য তারা আগামী ১৯ জুলাই থেকে দেশটিতে আসতে শুরু করতে পারবেন।

‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের মুসল্লিদের মক্কা ও মদিনা ভ্রমণ করা আরও সহজ হয়ে গিয়েছে। এর মাধ্যমে মুসল্লিরা তাদের পছন্দ অনুযায়ী আবাসন এবং প্রয়োজনীয় পরিষেবাগুলো সহজেই লাভ করতে পারবেন। এ ছাড়া যোগাযোগ সেবার পাশাপাশি বিস্তৃত তথ্যের ভান্ডারেও প্রবেশ করতে পারবেন তারা।

 
 
একইসঙ্গে বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ যেন সহজেই পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন, সেই সুযোগও রয়েছে অ্যাপটিতে। আর ভ্রমণকারীদের সাবলীলভাবে চলাফেরা করার জন্য অ্যাপটিতে বেশ কয়েকটি ভাষাও যুক্ত করা আছে। অ্যাপটির মাধ্যমে মুসল্লিরা ২৪/৭ বিভিন্ন পরিষেবা পাবেন।