ইউএনওর শাস্তির দাবিতে পল্লীবিদ্যুৎ কর্মীদের বিক্ষোভ

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে যাওয়া পল্লীবিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্সের প্রত্যাহার ও শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীরা।

গতকাল শুক্রবার দুপুরে জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীদের উদ্যোগে নিজেদের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে পল্লীবিদ্যুৎ সমিতির তিন শতাধিক কর্মচারী অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তাদের সহকর্মী সরকারের বকেয়া রাজস্ব আদায় করতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়েছিলেন। অথচ ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সের নির্দেশে তাকে চোরের মতো ১৫ থেকে ২০ মিনিট বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। যা খুবই দুঃখজনক।

এ সময় বক্তারা ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীরা।

ভুক্তভোগী পল্লীবিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমাদের আরেক কর্মী শাহজামাল ইয়াছিনকে সঙ্গে নিয়ে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আবাসিক কোয়ার্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাই। তখন সেখানে থাকা এক আনসার সদস্য ইউএনওর সঙ্গে ফোনে কথা বলেন।

এ সময় তিনি (ইউএনও) আমার সঙ্গেও কথা বলেন এবং পুনরায় ফোনে আনসার সদস্যের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে ইউএনওর নির্দেশে আনসার সদস্যরা আমাকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ১৫ থেকে ২০ মিনিট পর আমাকে ছেড়ে দেন।’

এ ব্যাপারে বক্তব্য জানতে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সাড়া মেলেনি।

এদিকে পল্লীবিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় তিন আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুরের জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘পল্লীবিদ্যুৎ অফিসের কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এ নিয়ে পরে যেন সমস্যা না হয়, সেজন্য তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’