ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগ থেকে আটক হওয়া ভুয়া চিকিৎসক রিপা আক্তারের (২০) বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় প্রতারণার মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসকদের অ্যাপ্রন পরিহিত ওই নারীকে আটক করে একই থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ২১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে মামলা করেন।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, ওই মামলায় রিপা আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়।
২১২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ২১২ নম্বর ওয়ার্ড থেকে চিকিৎসকের ভুয়া পরিচয় দেওয়া রিপা আক্তারকে আটক করেন আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছি।’
পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামের মৃত কাজির সিকদারের মেয়ে রিপা। বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচরের একটি বাসায় ভাড়া থাকেন।