বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবদিন ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকে উদ্দেশ করে বলেছেন, ‘সরকারপ্রধান দিল্লি সফরে গেছেন। কী নিয়ে আসবেন সেটা আমরা দেখব। এবার দিল্লি থেকে খালি হাতে এলে দেশের জনগণ আর আপনাকে ক্ষমা করবে না। রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশের মাটির ওপর দিয়ে রেললাইন নির্মাণের প্রস্তাবের প্রতিবাদ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আজকে রাজনৈতিক অঙ্গনে যে সমস্যার সৃষ্টি আপনি করেছেন। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদ- সম্পন্ন ভেঙে দিয়েছেন। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে আপনি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের মানুষকে আপনি তাদের সব অধিকার থেকে বঞ্চিত করেছেন।’