ঢাকা নবাবগঞ্জের খারসুর এলাকায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। কলেজছাত্রীসহ আহত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার (২২ জুন) সকাল ৯টার দিকে নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহীন (২৫)। শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত কলেজছাত্রী মিমসহ চারজনকে ঢাকায় নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে সিএনজি চালক পাঁচজন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন। নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল জানান, দুর্ঘটনাস্থল সিরাজদিখান থানা এলাকায়। পুলিশ বিষয়টি দেখছে।