নওগাঁর বদলগাছী উপজেলা কৃষকলীগের সভাপতির বিরুদ্ধে এক নারীর ছাগল চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২১ জুন) ওই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন জাহেরা বেগম নামের এক নারী।
অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলা কৃষকলীগের সভাপতি ছানাউল হক হিরো (৪১)। তিনি সদর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। গত ১৫ জুন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হঠাৎপাড়া (মাস্টারপাড়া) এলাকায় ঘটনাটি ঘটেছে।
জাহেরা বেগমের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ছানাউল হক হিরোর সঙ্গে জাহেরা বেগমের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে গত শনিবার ১৫ জুন দুপুরে জাহেরা বেগমের ২৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল (খাসি) ছানাউল হক হিরোর বাড়ির সামনে গেলে তারা ছাগলটি বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর আর ছাগলটির সন্ধান পাননি জাহেরা বেগম। পরে জানতে পারেন ছানাউল হক হিরো ছাগলটি চুরি করে বিক্রি করে দিয়েছে।
ছাগলের মালিক জাহেরা বেগম জানান, ছাগলের সন্ধানের জন্য হিরোর কাছে গেলে গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেন। নিরুপায় হয়ে থানা পুলিশের সহযোগিতা চেয়েছি।
উপজেলার সদও ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, জাহেরা বেগমের ছাগল চুরির ঘটনার সত্যতা রয়েছে। কিন্তু এলাকাবাসী মুখ খুলতে রাজি নন ছাগলটিকে চুরি করেছে।
ছাগল চুরির বিষয়ে অভিযুক্ত বদলগাছী উপজেলা কৃষক লীগের সভাপতি ছানাউল হক হিরো বলেন, তার বিরুদ্ধে জাহেরা বেগম থানায় ছাগল চুরির অভিযোগ করেছে। পুলিশ তদন্ত করে দেখুক এ ধরনের আমার বা আমার পরিবারের কোন রেকর্ড আছে কিনা। এর বেশি কিছু বলতে রাজি হননি হিরো।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গত শুক্রবার ছাগল চুরির ঘটনায় জাহেরা বেগম নামের এক নারী ছানাউল হক হিরোর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।