ব্রুনো বল না দিলেও তাকে দিয়েই গোল করালেন রোনালদো

মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন, সামনে শুধুই গোলরক্ষক, নিশ্চিত সুযোগ ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে, অথচ নিজে গোল না করে বল বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেজের দিকে । আর ফাঁকা পোস্টে বল পাঠিয়ে ৫৫ মিনিটে পর্তুগালের তৃতীয় গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।

এতে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ ৮ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করলেন রোনালদো। এতদিন রেকর্ডটি এককভাবে ছিল চেক প্রজাতন্ত্রের সাবেক উইঙ্গার কারেল পোবোর্স্কির। তুরস্কের বিপক্ষে আগে তিন ম্যাচ খেলে কখনোই জালের দেখা পাননি রোনালদো। ৬৬তম মিনিটে সেই খরা কাটানোর আরেকটি সুযোগ আসে তার সামনে। কিন্তু বের্নার্দো সিলভার ক্রসে বক্সে ঠিকমতো হেড নিতে পারেননি ৩৯ বছর বয়সী তারকা।

তার আগে প্রথমার্ধেই আরও দুবার তুরস্কের জালে বল পাঠায় পর্তুগাল। ৩-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে রোনালদোর পর্তুগাল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে তুরস্ক। সমান ১ পয়েন্ট করে নিয়ে চেক প্রজাতন্ত্র তিনে ও জর্জিয়া চারে আছে। 

২১ মিনিটে বক্সে বাঁ দিক থেকে নুনো মেন্দেসের কাটব্যাক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসার পর জোরাল শটে জালে পাঠান বার্নার্দো সিলভা। ১-০ তে এগিয়ে যায় পর্তুগাল। ২৮ মিনিটে আত্মঘাতী দ্বিতীয় গোলটি হয় তুরস্কের সামেত আকায়দিনের ভুলে। তার বাড়ানো ব্যাক পাসের দিকে মনোযোগ ছিল না গোলরক্ষকের। বল গিয়ে জড়ায় জালে।