পাল্টাপাল্টি হামলায় রাশিয়া-ইউক্রেনে ৬ জনের প্রাণহানি

পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে ৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ। এর আগের দিন শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমা হামলায় তিনজন নিহত এবং কয়েক ডজন আহত হন। খবর এপির।

সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে পাঁচটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এ সময় দুই জনের মৃত্যু হয়। এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন বলে জানান তিনি। অপর আরেকটি হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। 

অপরদিকে শনিবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, গত তিন মাসের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো জ্বালানি অবকাঠামোয় হামলা চালাল রুশ বাহিনী।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ১৩টি ড্রোন পাঠায় রাশিয়া। সব কটি ড্রোনই ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া রুশ বাহিনী ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ১২টিই ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর খারকিভের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে শহরে অন্তত চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ বোমা হামলায় তিনজন নিহত এবং অন্তত ৫৩ জন আহত হয়েছেন।