গাজীপুরের শ্রীপুরে বিয়ে ভেঙে যাওয়ার কারণে এক তরুণ আত্মহত্যা করেছে। আজ রবিবার (২৩ জুন) দুপুরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এ সময় ঘর থেকে লেখা চিরকুট উদ্ধার করা হয়।
মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তরুণের নাম শিপু আহম্মেদ (২৫)। সে ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। শিপু মাওনা চৌরাস্তায় স্বপ্নপুরী নামে একটি বিপনী বিতানে সেলসম্যানের চাকরি করতেন।
মৃতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমায় শিপু। পরে আজ সকাল থেকে শিপুর ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ ছিল। সবাই ভেবে ছিল দরজা বন্ধ করে হয়তো শিপু ঘুমাচ্ছে। কিন্ত দুপুরে খাওয়ার জন্য দরজা না খোলায় সবার সন্দেহ হয়। তাকে বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশ এলে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তারা আরও বলেন, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছিল। কদিন পর তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে তার বিয়েটা ভেঙে যায়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মফিউর রহমান বলেন, খবর পেয়ে বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করে যুবক অভিমান করে আত্মতহ্যা করেছে বলেই স্বজনরা মনে করছেন। এ ছাড়া লাশের পাশে চিরকুট পাওয়া গেছে।