রাজশাহী-কলকাতা ট্রেন চালুর ঘোষণা

রাজশাহী মহানগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। গত শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর এ ঘোষণা আসে।

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার এক নম্বরে রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন সার্ভিস চালু। ট্রেন সার্ভিস চালুর সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী-কলকাতা ট্রেন চলাচলের দাবি দীর্ঘদিনের। এ কার্যক্রম চালু হলে সহজেই কলকাতায় যেতে পারবে রাজশাহী অঞ্চলের মানুষ। এ ট্রেন সার্ভিস চালু করতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটির মেয়র লিটন। এ ট্রেন সার্ভিস চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত ও মৌখিকভাবে বারবার দাবি জানিয়েছেন রাসিক মেয়র। এ ছাড়া রেলমন্ত্রীকে কয়েক দফায় আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন মেয়র। সর্বশেষ গত ১০ মে রাজশাহী সফরে এলে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বিমান চালুর দাবি সংবলিত ডিও লেটার দেন মেয়র লিটন।

এ ব্যাপারে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ চালু করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। অবশেষে বহুল কাক্সিক্ষত রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। এ ট্রেন সার্ভিস চালু হলে রাজশাহী তথা উত্তরাঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। বিশেষ করে যারা চিকিৎসা নিতে ভারতে যান, তারা ও তাদের স্বজনরা। তিনি আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়টি চূড়ান্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’