আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। গতকাল রবিবার বেলা ১১টায় তারা সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর কেন্দ্রীয় যুবলীগ, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে যান। তার সঙ্গে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

ফারুক খান বলেন, ‘বিশ্বে এমন রাজনৈতিক দল কম আছে যাদের সৌভাগ্য হয়, যারা জনগণের ভালোবাসা নিয়ে ৭৫ বছর ধরে সেবা করার সুযোগ পায়। আমাদের লক্ষ্য এখন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়া। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

এছাড়া বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজমসহ দলীয় নেতাকর্মীরা।