প্রধানমন্ত্রী

বাংলাদেশ নিয়ে আর আমাদের দুশ্চিন্তার কিছু নেই

বর্তমান শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এত জ্ঞান তো আমাদেরও নেই। এত সুন্দর করে হয়তো আমরাও বক্তৃতা দিতে পারি না। এই মেধাবীরাই চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত দক্ষ কারিগর হবে। স্মার্ট সিটিজেন হয়ে উঠবে, ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করবে।

সোমবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের অনভূতি শোনেন প্রধানমন্ত্রী। পরে তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের মধ্যে যে মেধা রয়েছে, এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম। আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে গেলে! এত সুন্দর করে আমরাও বোধহয় বক্তৃতা দিতে পারি না। এত সুন্দরভাবে অনুভূতি ব্যক্ত করে, প্রত্যেকটা দিক তুলে ধরা। প্রত্যেককের বক্তব্যে ভিন্ন ভিন্ন দিক উঠে এসেছে। আমি কথাগুলো শোনার পরে, সত্যি কথা বলতে কি, আমি খুব স্বস্তি অনুভব করছি এই কারণে যে, আগামী দিনে বাংলাদেশ এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ। বদলে যাওয়া বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে আর আমাদের দুশ্চিন্তার কিছু নেই।’

তিনি বলেন, এখন আমাদের ছোট্ট সোনামনিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করে। ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। চতুর্থ শিল্প বিপ্লবের উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি।


সরকারপ্রধান বলেন, ‘অনেক হিরার টুকরা ছড়িয়ে আছে, সেগুলো কুড়িয়ে আনা; সেটাই আমাদের মূল্য উদ্দেশ্য। মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী শক্তিটা যেন আমাদের দেশের উন্নয়নে কাজে লাগে, আমরা সেটাই চাই। সেই জন্য এই বঙ্গবন্ধু শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সাহায্য দিয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি দেওয়া হচ্ছে। তবে প্রকল্প শেষ হয়ে গেলে একটা অসহায়ত্ব দেখা যায়। সেটা যাতে না হয়, সেজন্য এই ট্রাস্ট ফান্ডটাকে বড় করে সমস্ত বৃত্তিগুলো এর মাধ্যমে দিতে পারলে এটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। তখন আর কেউ এটা নষ্ট করতে পারবে না। আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাটাই নিবো।


শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।