চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদনহীন কারখানায় কাপড়ের রং, নিম্নমানের কেমিক্যাল, স্যাকারিন ও কৃত্রিম সুগন্ধি মিশিয়ে আইসক্রিম তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলার কালাবিবির দীঘির মোড় ও চাতরী চৌমুহনী এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে টানেল রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন।
অপরদিকে কাপড়ের রং ও স্যাকারিন মিশিয়ে আইসক্রিম তৈরির দায়ে আফিয়া আইসক্রিম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ। অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তা ফারহানা জাহান পারুলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।