গাজীপুরে ছিনতাই হওয়া ট্রাকবোঝাই চালের একাংশ টাঙ্গাইলের ভূঞাপুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রোডের আষাড় চাল হাউজের গোডাউন থেকে ২৫ কেজি ওজনের প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করে পুবাইল থানা পুলিশের সদস্যরা।
এ ঘটনায় গোডাউনের মালিক চাল ব্যবসায়ী নাজমুল জামান শিপলু ও ট্রাক চালক আজমতকে গ্রেপ্তার করা হয়েছে। আটক শিপলু ভূঞাপুর পৌরসভার ফসলান্দি গ্রামের শামসুজ্জামানের ছেলে এবং আজমত ঘাটাইল উপজেলার মাকেশ্বর গ্রামের বাদশা মন্ডলের ছেলে।
গত বৃহস্পতিবার (২১ জুন) গভীর রাতে মীরের বাজার-পূর্বাচল সড়কের নগদা ব্রিজের কাছ থেকে চালবোঝাই ট্রাক ছিনতাই হয়। পরে এ ঘটনায় ট্রাকের মালিক ধনঞ্জয় মহন্ত ২৩ জুন গাজীপুরের পুবাইল থানায় মামলা করেন। ট্রাকবোঝাই চাল উদ্ধারে পুবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম সূত্রধরের নেতৃত্বে একটি টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূঞাপুরে অভিযান চালিয়ে শিপলুর মালিকানাধীন হাউজের গোডাউন থেকে ছিনতাই হওয়া চালের একাংশ উদ্ধার করা হয়।
এদিকে খবর পেয়ে ছিনতাইকৃত চাল কেনার মূল হোতা ব্যবসায়ী রফিকের ছেলে রাসেল দোকান বন্ধ করে পালিয়েছে। চাল ব্যবসায়ী শিপলুর বাবা শামসুজ্জামান বলেন, ভূঞাপুর বাজারের চাল ব্যবসায়ী রফিকের ছেলে রাসেল আমার ছেলের গোডাউনে চাল রেখেছে। তাদের গোডাউনে জায়গা না থাকায় তারা ছেলের গোডাউনে চাল রেখেছিল বলে জেনেছি।
পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) উত্তম সূত্রধর বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূঞাপুরের একজন ট্রাক চালককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে প্রায় ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোডাউনের মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে। এর আগে ছিনতাইকারীরা গাজীপুর থেকে একটি চালবোঝাই ট্রাক ছিনতাই করে। এখনও ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি।