মায়ের শাড়িতে বিয়ের পিঁড়িতে

সাত বছর প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন সোনাক্ষী সিনহা। ২০১৭ সালের যে দিনটিতে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে তার পরিচয় ঘটে সাত বছর পর সেই দিনটিকেই বিয়ের ক্ষণ হিসেবে ধার্য করেন এবং ২৩ জুন বিয়ে করেন এই বলিউড অভিনেত্রী।

রবিবার ভারতের বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেন তারা। বিয়ের পর অভিনেত্রী নিজে তার ইনস্টাগ্রামে বিয়ের কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, সোনাক্ষীর পরনে ছিল সাদা শাড়ি ও হীরা-মুক্তা খচিত অলংকার।

বিয়ের দিন বলিউড তারকাদের পরনে সাধারণত নামি ডিজাইনারের দামি পোশাক দেখা যায়। কিন্তু এ ক্ষেত্রে অন্য পথে হেঁটেছেন সোনাক্ষী। বিয়ের দিন পুরনো সাদা শাড়ি, সাবেকি অলংকার ও খোঁপায় সাদা ফুল গুঁজে স্নিগ্ধতা ছড়িয়েছিলেন নববধূ।

জানা গেছে, সোনাক্ষীর পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবি-পাজামা পরেছিলেন জহির। আর বিয়ের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন ৪৪ বছরের পুরনো শাড়ি আর অলংকার। তার এই সাজ নজর কেড়েছে সবার। এই শাড়ি ও অলংকারের সঙ্গে সোনাক্ষীর বিশেষ যোগও ফাঁস হয়েছে। শাড়িটি সোনাক্ষীর মা পুনম সিনহার। ৪৪ বছর আগে পুনম নিজের বিয়ের দিন সাদা শাড়িটি পরেছিলেন। এমনকি সোনাক্ষী নিজের বিয়ের দিন মায়ের বিয়ের অলংকার বেছে নিয়েছিলেন। তবে বিয়ের পর রাতে রিসেপশন পার্টিতে এই তারকা-কন্যাকে লাল সিল্কের শাড়ি, তার সঙ্গে মানানসই অলংকার এবং সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় দেখা গিয়েছিল।

তাদের বিয়ের রিসেপশন পার্টিতে হাজির হয়েছিলেন বিটাউনের তারকারা। মুম্বাইয়ের দাদারে শিল্পা শেঠির বাস্টিন রেস্তোরাঁয় আয়োজিত এই ঝলমলে পার্টিতে সালমান খান, অনিল কাপুর, রেখা, টাবু, কাজল, অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, শারমিন সেহগল, আরবাজ খান, সানজিদা শেখসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রথমে শোনা গিয়েছিল সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা এই বিয়েতে খুশি নন। পরে এই অভিনেতা-রাজনীতিবিদ জানান যে সব মনোমালিন্য দূর হয়ে গেছে। আর তিনি মেয়ের বিয়েতে খুব মজা করবেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ছবিতে দেখা গেছে শত্রুঘ্ন, পুনম সিনহা মেয়ের বিয়ের খুশিতে শামিল হয়েছেন।

রবিবার দুপুরে সোনাক্ষী-জহিরের বান্দ্রার কারটার রোডের নতুন ঠিকানায় রেজিস্ট্রি ম্যারেজ করেছেন সোনাক্ষী-জাহির। তবে তারা হিন্দু বা মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেননি। ভারতের বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেন।