সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে নতুন একটি নাটক দিয়ে অনেক দিন পর ক্যামেরার সামনে এলেন শবনম ফারিয়া। এই অভিনেত্রী নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। কিন্তু ঈদে পরিচালক সাজিন আহমেদ বাবুর অনুরোধে নতুন এই নাটকটিতে অভিনয় করেন। যদিও তিনি মুটিয়ে গেছেন দাবি করে নাটক থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অভিনয় করেছেন।
বিষয়টি নিয়ে শবনম ফারিয়া বলেন, ‘বাবু ভাই হঠাৎ কল দিয়ে বললেন, “আপা আমি জানি আপনি এখন আর নাটক করতে চান না, কিন্তু আমার একটা সুন্দর গল্প আছে, আমি চাই আপনি কাজটা করেন।” এর আগেও আমাদের কাজের কথা হয়েছে কিন্তু কাজ করা হয়নি, এমনকি শুটিংয়ের ঠিক আগে আগেও একবার আমার পারিবারিক কারণে ক্যানসেল করতে হয়েছিল।’ তিনি বললেন, ‘বাবু ভাই, আমি তো অনেক মোটা হইছি, ক্যামেরার সামনে আসতে একটু আনইজি লাগে।’
নির্মাতা ভরসা দিয়েছেন উল্লেখ করে শবনম ফারিয়া বলেন, ‘বাবু ভাই আবার ভরসা দিল, আপা, মোটা হইলেও সমস্যা নাই, চরিত্রটাই এমন।’ গল্প শুনে সঙ্গে সঙ্গে রাজি হলাম! কিন্তু সমস্যা বাঁধল আবার, ডাইরেক্টর বললেন, ‘সিøভলেস ব্লাউজ পরতে হবে, চরিত্রের জন্যই পরাটা জরুরি! আমি আবার চিন্তায় পড়ে গেলাম।’ ‘ভাই, আমি যেই মোটা, তা ছাড়া, আমার দর্শকও আমাকে নেবে না।’
নাটকের আরেকটি ঘটনা উল্লেখ করে বলেন, ‘আবার বাবু ভাই পেশেন্স দেখালেন, বোঝালেন চরিত্রের জন্য কেন এটা পরাটা জরুরি। শেষমেশ মোশারফ ভাই বললেন, “তুই পর, অশালীন লাগলে আমি বলব, আমিই তোকে পরতে মানা করব।” সো এমন ছোট ছোট ঘটনা দিয়ে শেষ হলো “ভারপ্রাপ্ত বউ”, আমার খুব পছন্দ হয়েছিল এই গল্প। আপনাদের কেমন লাগল জানাবেন...’
নাটকটি ঈদ আয়োজনে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়েছে।