খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যথাযত চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগকারীদের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেছেন, তারা (অভিযোগকারীরা) নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করেছেন এবং দেশেই খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আইনমন্ত্রী আন্তরিকতা ও মানবিকতা নিয়ে বিএনপির প্রশ্ন তোলার বিষয়ে আনিসুল হক বলেন, ‘তাদের ভারসাম্য সঠিক আছে কি না, সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন। আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। তবে আমি আশা করব তারা সত্য কথা বলবেন, ব্যক্তিগত আক্রমণ করবেন না।’

তিনি বলেন, ‘রবিবার বিকেল ৪টা দিকে তার (খালেদা জিয়া) পেসমেকার লাগানো হয়েছে। এখন তিনি যথেষ্ট সুস্থ আছেন। আমি এতটুকু বলব যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সেরে ওঠার মতো না। সেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘যখন এখানকার চিকিৎসকরা বাইরে থেকে চিকিৎসক আনার কথা বলেছিলেন তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই আমার জন্য খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেন।’