মস্কোতে অফিস ভবনে ভয়াবহ আগুনে নিহত আট

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি বহুতল অফিস ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ভবনটিতে অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ।

সোমবার (২৪ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোরোবিভ জানান, বহুতল ভবনটিতে আগুন লাগার পর দুজন নিহত হয়েছেন জানালার মাধ্যমে ঝাঁপ দিয়ে নিচে পড়ে। বাকি ছয়জন ভবনের ভেতরে আগুনে মারা গিয়েছেন।

জরুরি কর্মকর্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সিকে বলেছেন, রাজধানীর প্রায় ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) উত্তর-পূর্বে ফ্রাইজিনোতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে ভিডিওতে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের ওপরের তলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। অবশ্য ভবনটির উদ্দেশ্য সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস অনুসারে, এটি একসময় প্লাটান গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের অফিস ছিল।

রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসেলেক্ট্রনিক্স থেকে তাস এজেন্সির কাছে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভবনটি ১৯৯০ সাল থেকে ব্যক্তিগত মালিকানাধীন। তবে বিরোধী মিডিয়া আউটলেটগুলো সম্প্রতি জানিয়েছে, প্লাটান ২০২৩ সালের শেষের দিকেও ওই বিল্ডিংটিতে ছিল।

জরুরী মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে, ১৩০ জনেরও বেশি দমকল কর্মী এবং দুটি হেলিকপ্টার ভবনটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা গেলেও একজন প্রত্যক্ষদর্শী তাসকে জানিয়েছেন যে তারা প্রথমে ষষ্ঠ তলায় আগুন দেখেছেন। আঞ্চলিক গভর্নর ভোরোবিভ বলেছেন যে, প্রায় ৩০টি কোম্পানি ভবনটিতে অফিসের জন্য জায়গা ভাড়া নিয়েছিল। এছাড়া বিল্ডিংয়ের দুই কর্মচারীর ভাগ্য এখনও অজানা।

ভোরোবিভ জানিয়েছেন যে, আগুনের ঘটনায় ফৌজদারি মামলা করা হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে।