৩ ছেলের পর এবার পরিবারের ১০ সদস্যকে হারালেন হামাস নেতা হানিয়াহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শাতি ক্যাম্পে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। গাজা সিটির কাছেই আল-শাতি ক্যাম্পে ইসরায়েলের হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে গত এপ্রিলে পবিত্র ঈদুল ফিতরের দিন ইসরায়েলের হামলায় মৃত্যু হয় ইসমাইল হানিয়ার তিন ছেলে ও নাতি-নাতনিদের।

মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় হানিয়ার বোনসহ পরিবারের ১০ জন নিহত হয়েছেন। হামলায় নিহত সবাই হানিয়াহ পরিবারের সদস্য।

তবে এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে খান ইউনিসে ত্রাণ নিতে যেয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় ত্রাণবাহী ট্রাকের কর্মীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলের হামলা ও আগ্রাসনে অবরুদ্ধ গাজাতে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। যার ফলে গাজায় দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকি দেখা দিয়েছে বলছে জাতিসংঘ। ইতিমধ্যে ৪ লাখ ৯৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি "বিপর্যয়কর" খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে।