আলোচনা-সমালোচনা পিছু ছাড়ছে না ছাগলকাণ্ডের খল নায়ক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে। এবার একটি গণমাধ্যমে তিনি জানিয়েছেন, মাথা ন্যাড়া করে দেশ ছাড়েননি তিনি। বরং দেশেই রয়েছেন তিনি।
এর আগে গত ১৬ জুন দেশ রূপান্তরে ‘রাজস্ব কর্মকর্তার ছেলের অর্ধকোটির কোরবানি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। সংবাদে বলা হয়, তাঁর ছেলে ইফাত ১৫ লক্ষ টাকার ছাগলসহ প্রায় অর্ধকোটি টাকার পশু কোরবানি দিচ্ছেন। তবে সংবাদ প্রকাশের পরপরই ইফাত তার সন্তান নয় বলে দাবি করেন। ইফাতকে টাউট বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে সে দাবি বেশিক্ষণ টেকেনি। জানা যায় মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর প্রথম সন্তান ইফাত।
এবার যখন বিভিন্ন গণমাধ্যম মতিউর রহমানের গড়া অবৈধ সম্পদের তথ্য প্রকাশ পেতে শুরু করল তখনই লাপাত্তা হয়ে পড়েন মতিউর। খবর আসে ইফাত তার মাকে নিয়ে দেশ ছেড়েছেন। এরপর সোমবার মতিউর মাথা ন্যাড়া করে স্থলবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হয় গণমাধ্যমের শিরোনাম। এমন সংবাদের পর আসে দেশত্যাগের নিষেধাজ্ঞা।
এরপর আবার একটি গণমাধ্যমের বরাতে জানা যায় তিনি দেশেই আছেন। তবে কোথায় আছেন কিভাবে আছেন সেই তথ্য পাওয়া যায়নি। এরপর আবারও প্রশ্ন উঠেছে ছেলে ইফাতকে অস্বীকারের মতো করে দেশ না ছাড়ার ঘটনাও গল্প নয়তো?
সূত্র বলছে, শনিবার পর্যন্ত রাজধানীর বসিলার নদী পাড়ের ৫ তলার একটি ফ্লাটে ছিলেন মতিউর। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। পরিবার সূত্রের বরাতে তথ্য বলছে, মতিউর সীমান্তবর্তী এলাকায় রয়েছেন। দেশের পরিস্থিতি বুঝে দেশ ছাড়বেন নতুবা সামনে আসবেন। এর বাইরে এখন পর্যন্ত প্রশাসনিক ভাবে দেশ ছাড়ার বিষয়ে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।
নিজেকে নির্দোষ দাবি করে এমন করে অন্তরালেই বা গেলেন কেনো? এদিকে আরেক সূত্র বলছে রাজস্ব কর্মকর্তাদের গ্রুপে মেসেজ পাঠিয়ে পাশে দাঁড়ানোর আকুতি জানাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৬ জুন দেশ রূপান্তরে ‘রাজস্ব কর্মকর্তার ছেলের অর্ধকোটির কোরবানি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। ওই সংবাদে বলা হয়, এক ছাগলের দাম ১৫ লাখ টাকা, যা পরবর্তীতে বিক্রি হয় ১২ লাখ টাকায়। এই ছাগলটি ক্রয় করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তার ছাগল কেনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাগল কিনে আলোচনায় আসা ইফাত ছাগলের পাশাপাশি আরও চারটি গরু কিনেছেন ৩৭ লাখ টাকায়। সব মিলিয়ে এবার অর্ধকোটি টাকার কোরবানি দিচ্ছেন তিনি।