চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পরীমণির সঙ্গে সাকলায়েনের বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলায়েন পরীমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলায়েনের স্ত্রী তার (সাকলায়েন) সরকারি বাসায় না থাকার সময় পরীমণি গিয়ে রাত্রিযাপন করেছেন— এমনটাই বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে। তদন্তে এমনটাই উঠে এসেছে।
২০২১ সালের ১৩ জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করলে এরপর পরীর সঙ্গে এডিসি সাকলায়েনের সম্পর্কের খবর বেরিয়ে আসে। তাদেরকে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত। গভীর রাতে বের হতেন এমনকি পরীমণির বাসায়ও যেতেন সাকলায়েন।
পরীমণির বাসায়ও অবাধ যাতায়াত ছিল এডিসি সাকলায়েনের। ২০২১ সালের ৪ জুলাই থেকে পরের এক মাসে সাকলায়েন বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) পরীমণির বাসায় অবস্থান করেছেন।
তদন্তে উঠে এসেছে, রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরীমণির যাতায়াতের সিসিটিভি ফুটেজ। এর ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণে ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে সাকলায়েনের স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরীমণি তার (সাকলায়েন) রাজারবাগের সরকারি বাসায় যান এবং সেখানে প্রায় ১৭ ঘণ্টা অবস্থান করে ২ আগস্ট (২০২১) রাত দেড়টায় সেই বাসা থেকে বের হন পরীমণি।
এদিকে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরীমণি। শুনানি শেষে আদালত তার ১ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।