ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার নির্বাচনের সম্ভাবনা

বেশ কয়েকদিনের অনিশ্চয়তার পর আবারও লোকসভার স্পিকার পদের জন্য ওম বিড়লাকে মনোনয়ন দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সর্বশেষ লোকসভার স্পিকারও তিনিই ছিলেন। আজ মঙ্গলবার (২৫ জুন) এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। সূত্ররা জানিয়েছে, আজ ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় মনোনয়নপত্র জমা দিয়েছেন বিড়লা।  

অপরদিকে বিরোধীদল ইন্ডিয়া জোট কে সুরেশকে বিজেপি মনোনীত প্রার্থীর বিপরীতে মনোনয়ন দিয়েছে। আর এর মাধ্যমে ভারতের ইতিহাসে এবারই প্রথম স্পিকার পদের জন্য নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। লোকসভার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে স্পিকার নির্বাচন করা হয়।   

২০১৪ ও ২০১৯ সালে একক সংখ্যাগরিষ্ঠতার কারণে স্পিকার পদে বিজেপি মনোনীত সুমিত্র মহাজন ও ওম বিড়লাকে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। দুইজনই বিনা বাধায় স্পিকার নির্বাচিত হন।

তবে এবারের লোকসভায় বিজেপি ২৪০ আসন পেয়েছে, যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৩২ আসন থেকে কম। সরকার গঠনের জন্য নীতীশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপির ওপর নির্ভর করতে হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে।

এদিকে ডেপুটি স্পিকারের পদ বিরোধী শিবিরকে দেওয়ার প্রচলন রয়েছে বলে সংসদে দাঁড়িয়ে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এনডিএর যুক্তি, কখনওই এমন কোনো নিয়ম প্রচলিত ছিল না। শাসক গোষ্ঠীর দাবি, তা যদি হয়, তবে বলতে হবে কংগ্রেসের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সরকারই সেই নিয়ম মানেননি।    

বিরোধীদের যুক্তি, নেহরু জমানায় ডেপুটি স্পিকার হয়েছিলেন এম অনন্তসায়নম আইয়াঙ্গার (১৯৫২-৫৬), হুকুম সিংহ (১৯৫৬-৬২) এবং এসভি কৃষ্ণমূর্তি রাও (১৯৬২-৬৭)। এরা প্রত্যেকেই ছিলেন কংগ্রেসের নেতা। আবার নেহরু কন্যা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকারেও ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত  ডেপুটি স্পিকার ছিলেন কংগ্রেস নেতা আরকে খাদিলকর। 

শুধু তা-ই নয়, বর্তমানে দেশের অবিজেপি রাজ্যগুলো— পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরল এবং ঝাড়খণ্ডে ডেপুটি স্পিকার শাসকদলেরই। তাহলে কোন প্রচলিত রীতির কথা বলতে চাইছে কংগ্রেস? 

যদিও লোকসভার ইতিহাস বলছে, সংসদে স্বীকৃত বিরোধীরা সব সময়েই ডেপুটি স্পিকারের পদ পেয়েছেন। তবে অধিকাংশ সরকারেই স্বীকৃত বিরোধী ছিল না। যে যে সরকারে ছিল, তারা ডেপুটি স্পিকারের পদ পেয়েছিলেন। যেমন অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিংহের সরকারে। ডেপুটি স্পিকার বেছে নেওয়া হয়েছিল বিরোধী শিবির থেকেই।