পাশের বাড়ির ভাবিকে প্রেমের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় যে কাণ্ড যুবকের

সাভারের আশুলিয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সুমাইয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে প্রতিবেশী শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নামে এক যুবক। এ ঘটনায় র‌্যাব হত্যাকারী ওই যুবককে আটক করেছে। 

মঙ্গলবার (২৫ জুন) বিকালে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকায় সোহাগের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুমাইয়া রংপুর জেলার বদরগঞ্জের আব্দুল বারির মেয়ে। তিনি স্বামী মাসুদ রানা ও আড়াই বছরের মেয়ে মরিয়ম আক্তারকে নিয়ে আশুলিয়ার ভাদাইল তালতলা মহল্লার সোহাগের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। অপরদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম বিদ্যুৎ নাটোরের লালপুর থানার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনিও একই বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। 

র‌্যাব জানায়, নিহত সুমাইয়ার পাশের কক্ষেই ভাড়া থাকতেন শহিদুল। দীর্ঘ এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসলেও গৃহবধূ সুমাইয়া তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে শহিদুল পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে চাকু কিনে আনেন এবং মঙ্গলবার বিকেলে সেই ধারালো চাকু দিয়ে সুমাইয়াকে গলা কেটে হত্যা করেন। 

র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, ঘাতক শহিদুলকে আটক করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেম প্রত্যাখ্যান করার কারণেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে শহিদুল। 

আশুলিয়া থানার এসআই মোস্তফা কামাল বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত একজন র‌্যাবের কাছে আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।