চিত্রনায়ক জায়েদ খান এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। কদিন আগেই ছিলেন লন্ডনে। তার আগে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে দেশীয় শোবিজ তারকাদের এত কদর কারোরই দেখা যাচ্ছে না। অথচ ভিনদেশে যেখানেই বাঙালি কমিউনিটির অনুষ্ঠান সেখানেই জায়েদ খানের ডাক পড়ছে। কদিন পরেই উড়াল দেবেন কানাডার উদ্দেশে।
তবে এরই মধ্যে জানা গেলে একটি নতুন খবর। চিত্রনায়ক জায়েদ খানকে দেখা যাবে বলিউডের নায়িকার সঙ্গে। তবে এটি সিনেমা নয়। অন স্ক্রিন একটি প্রকল্প। যেখানে জায়েদ খানের সঙ্গে একজন বলিউডের নায়কও থাকবেন। প্রকল্পটি হবে সংযুক্ত আরব আমিরাতেই। ক্যামেরার কাজ সম্পন্ন হবে আরব সাগরের পাড়েই। কিন্তু কী কাজ আসলে? এ নিয়ে এখনই জায়েদ খান মন্তব্য করতে নারাজ। দুবাই থেকেই দেশ রূপান্তরকে বললেন, ‘দেখেন আমি একটি অনুষ্ঠানে এসেছিলাম। দুবাইয়ের বাঙালিরা আমাকে গ্রহণ করেছে। পুরো অনুষ্ঠান আমি মাতিয়েছি। আমি বলতে পারি আমি তাদের ভালোবাসা দিয়েছি, তারা আমাকে ভালোবাসা দিয়েছে। তবে নতুন একটি খবর রয়েছে, এই দুবাইয়েরই খবর। সে বিষয়ে এখনই আমি কিছুই বলতে চাই না। যতটুকু বলার আমি ফেসবুক পেজেই বলেছি।’
এদিকে গ্ল্যামআর্টস নামের এক ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে জায়েদকে সাগর পাড়ে ডিগবাজি দিতে দেখা যায়। এ সময় কোমরেও ব্যথা পান তিনি! যদিও এটা যে কোনো বিজ্ঞাপনী প্রচার, সেটা বুঝতে বাকি থাকে না! কারণ, কোমরে হাত বুলাতে বুলাতেই এই নায়ককে বলতে শোনা যায়, ‘ভেরি এক্সাইটেড ওয়ার্ক ইজ কামিং’। এ সময় এই পেজের সঙ্গে দর্শককে যুক্ত থাকার আহ্বানও জানান জায়েদ।
এটা থেকে অনুমান করা যায়, জায়েদ খান কোনো একটি বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছেন আর সেখানে একজন বলিউডের নায়িকা থাকছেন। যদিও আমাদের একটি সূত্র বলছে, জায়েদ খানের সঙ্গে কজন বলিউডের নায়ক ও অন্যজন বলিউডের অত্যন্ত পরিচিত একজন নায়িকা থাকছেন। জায়েদ খানকে বলিউডের নায়িকা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি আকারে ইঙ্গিতে সত্যতা জানালেও নায়িকার নাম বলেননি। জায়েদ খান বলেন, একটি প্রজেক্ট হতে যাচ্ছে, এটা বলতে পারেন আমার স্বপ্নের প্রজেক্ট। সময় হলেই সবাই জানবে, আপনাদেরকেও জানাব।
দুবাইয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন জায়েদ খান। ফুরফুরে মেজাজে তাকে দেখা যাচ্ছে। বিষয়টি নিজেই জানালেন। বললেন, ‘মরুভূমির শহর আর সাগরের শহর। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে খুব চমৎকার সময় কাটছে। কখনো সাগরপাড়ে সময় কাটাচ্ছি, কখনো মরুভূমিতে চলে যাচ্ছি। আর এখনকার বাঙালিদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করছে। একই সঙ্গে প্রবাসীদের জীবনমানও বোঝার চেষ্টা করছি।’ খুব শিগগির দেশে ফিরবেন বলেও জানলেন অভিনেতা। দেশে ফিরেই কিছু কাজে ব্যস্ত হয়ে পড়বেন। এর মধ্যে একটি সিনেমার কাজ শুরু করার কথা ছিল।