জলবায়ু মোকাবিলায় বিনিয়োগ করবে আইএফসি ও ড্যানিডা

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক বেসরকারি বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন এবং ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (ড্যানিডা)। এর ফলে কার্বন নির্গমন প্রশমন এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে সাহায্য করবে বলে মনে করে এ দুই সংস্থা। বাংলাদেশ ক্লাইমেট অ্যাডভাইজরি পার্টনারশিপ (বি-ক্যাপ) প্রতিষ্ঠায় আইএফসি ও ড্যানিডা একটি রূপান্তরমূলক চুক্তিতে পৌঁছেছে।

আইএফসি বলছে, এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান খাতগুলোতে ক্লাইমেট-স্মার্ট বা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানো, যা কার্বন নির্গমন প্রশমন এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে সহায়ক হবে।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের উন্নয়নের পথে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে।  এ কারণে জলবায়ু পরিবর্তন প্রশমন এবং অভিযোজনে উল্লেখযোগ্য বিনিয়োগ দরকার। আইএফসি-ড্যানিডা অংশীদারত্বের ৫ দশমিক ৩ মিলিয়ন ডলারের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশে ক্লাইমেট-স্মার্ট  বিনিয়োগের জন্য ৫০ মিলিয়ন ডলারের সংস্থানের লক্ষ্য রয়েছে, যার মূল দৃষ্টি ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত এবং সবুজ অর্থায়নের প্রতি থাকবে। বি-ক্যাপের মূল স্তম্ভের মধ্যে রয়েছে ক্লাইমেট-স্মার্ট বিনিয়োগ, সবুজ অর্থায়ন, টেকসই চর্চা এবং জেন্ডার অন্তর্ভুক্তি বাড়ানো।