বিদেশফেরতদের জন্য শাহজালালে বাস সার্ভিস চালু

বিদেশফেরত যাত্রীদের লাগেজ পরিবহনের সংকট দূর করতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে শাটল বাস সেবা। আজ বুধবার সকাল থেকে এ সেবা চালু হবে, যেটির মাধ্যমে বিমানবন্দরের টার্মিনাল থেকে রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে যেতে পারবেন যাত্রীরা। এ সেবার অংশ হিসেবে প্রাথমিকভাবে বিআরটিসির দুটি বাস চলাচল করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। গতকাল মঙ্গলবার বিমানবন্দরে অনুষ্ঠিত এক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান তিনি।

এম মফিদুর রহমান বলেন, বেলা ১১টায় বিমানবন্দরে শাটল বাস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যাত্রীসেবা নির্বিঘœ করতে শাহজালাল বিমানবন্দরে নিয়োজিত রয়েছেন প্রায় ৩০টি সংস্থার সদস্যরা। এসব সংস্থা বিমানবন্দরে কতটুকু সেবা উন্নত করেছে ও যাত্রীরা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে গতকালের গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে বিদেশগামী বেশ কয়েকজন যাত্রী বিমানবন্দরে যাত্রীসেবায় নানা হয়রানির বিষয় তুলে ধরেন।