গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাপ্রধান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মো. ইলিয়াস হোসেন, সামরিক সচিব, সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।