১০ জনের পেরু হেরে গেলো কানাডার কাছে

কোপা আমেরিকার ম্যাচে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে শক্তিতে এগিয়ে থাকা পেরুকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে কানাডা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জোনাথন ডেভিড। 

আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল কানাডা। টুর্নামেন্টে টিকে থাকতে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না দলটির। সামনে র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী পেরু। কঠিন এ কাজটাই সম্ভব হয়েছে পেরুর ডিফেন্ডার মিগুয়েল আরাউহো লাল কার্ড দেখায়। ১০ জনের পেরুকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে কানাডা।

ম্যাচের প্রথমার্ধে তেমন পাত্তাই পায়নি কানাডা। একের পর এক আক্রমণে এই অর্ধে কানাডিয়ানদের রক্ষণ কাঁপিয়েছে পেরু। তবে আর্জেন্টিনার মতো তারাও পায়নি জালের দেখা। তাই প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই।

 দ্বিতীয়ার্ধের খেলায় মোড় আসে ৫৯ মিনিটে। মিগুয়েল আরাউহো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দল হয়ে যায় পেরু। সুযোগটা লুফে নেয় কানাডা। ৭৪ মিনিটে  জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় তারা।

এক জন কম নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি পেরু। হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে জেতা ছাড়া পরের রাউন্ডে যাওয়ার আর কোনো আশা নেই পেরুর।